খবর লাইভ : এই পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়, পিসি- ভাইপোর দুর্নীতি রুখতেই এই পরিবর্তন যাত্রা। বৃহস্পতিবার কোচবিহারে দাঁড়িয়ে এই ভাষাতেই তৃণমূল নেতৃত্বকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের জনসমাবেশ থেকে অমিত শাহ বলেন, ‘তৃণমূল নেতাদের বলতে শুনেছি, ওরা জিজ্ঞাসা করছে যে কেন পরিবর্তন যাত্রা বের করা হচ্ছে। সব তো ঠিকই চলছে। রাজবংশী সমাজকে আমার বার্তা, কোনও বিধায়ককে পরিবর্তন করা লক্ষ্য নয়। এই যাত্রা বাংলার অবস্থাকে পরিবর্তন করার যাত্রা। ঘুষের রাজনীতি পরিবর্তন করার যাত্রা।’ এদিন তিনি বলেন, ‘হিংসার বদলে বিকাশ আনার জন্য এই পরিবর্তন যাত্রা। কৃষকদের দুর্দশা বন্ধ করার, বোমাবাজি বন্ধ করার জন্য এই পরিবর্তন যাত্রা।’
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজবাংশীদের সংস্কৃতি তুলে ধরার বার্তা দিয়ে বলেন, ‘আমরা ক্ষমতায় এলে ৫০০ কোটি খরচ করে এখানে রাজবাংশী সংস্কৃতি কেন্দ্র স্থাপন করব। পঞ্চানন বর্মা ঠাকুর সাহেবের জন্য বিশাল স্থাপত্য তৈরি হবে এখানে। রাজবংশী সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই কাজ করা হবে। পর্যটন কেন্দ্রও তৈরি হবে।’ একইসঙ্গে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মমতার সরকারের প্রতি শাহের তোপ, ‘মোদিজি বাংলার কৃষকদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। দেশের কৃষক ৬ হাজার টাকা করে পাচ্ছেন। কিন্তু বাংলার কেউ পাচ্ছেন না। মমতা দিদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন না। আপনারা তো কেউ ওর ক্ষতি করেননি, তাহলে আপনাদের কেন ক্ষতি করছেন?’




