খবর লাইভ : বন সহায়ক পদে নিয়োগ সংক্রান্ত মামলা গড়াল হাইকোর্টে। রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। আগামী ৪ মার্চের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মন্থা।
গত নভেম্বরে রাজ্যে ২ হাজার বন সহায়ক পদে নিয়োগ হয়। বন সহায়ক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। হাইকোর্ট এদিন মেধা তালিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। হলফনামা জমা দেওয়ার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বন সহায়ক পদ নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য- রাজনীতি। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বন সহায়ক পদে বেনিয়মের অভিযোগ শোনা যায়। তাঁর অভিযোগের তির ছিল প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিকে। রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ে তদন্তের অনুমোদনও দেওয়া হয়।




