State

ঠাকুরপুকুরে বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ

0
(0)

খবর লাইভ : রহস্যজনক মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। বন্ধ ঘর থেকে উদ্ধার হল তিনজনেরই ঝুলন্ত দেহ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জোকার ঠাকুরপুকুরে। পুলিশ জানায়, মৃতদের নাম চন্দ্রব্রত মন্ডল (৫০), মায়ারানী মন্ডল (৪৫) এবং সুপ্রিয় মন্ডল (২৩)। ঠাকুরপুকুরের পাত্রপাড়া লেনের বাসিন্দা এই পরিবারটি আত্মহত্যা করেছে নাকি এঁদের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, চন্দ্রব্রতবাবু বিধানসভায় চাকরি করতেন। অন্যান্য দিনের মত এদিন সকালে তাঁর বাড়ির দরজা-জানলা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে এক প্রতিবেশী ছাদের পাঁচিল টপকে চন্দ্রব্রতবাবুর বাড়িতে যান এবং ছাদের দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনজনের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তারপর ৮টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ফরেন্সিক দল। পুলিশের প্রাথমিক ধারণা, সস্ত্রীক চন্দ্রব্রতবাবু এবং তাঁর ছেলে সিলিংয়ের হুকে কাপড় জড়িয়ে আত্মহত্যাই করেছেন। কিন্তু কী কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয়। এলাকাবাসী জানিয়েছেন চন্দ্রব্রতবাবুর বাজারে অনেকটা ধার হয়ে গিয়েছিল। এমনকি বসত বাড়িটাও বন্ধক দিয়েছিলেন তাঁরা। সেজন্যই সপরিবারে আত্মঘাতী হলেন নাকি আরও কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও স্যুইসাইড নোট না মেলায় খুনের ইঙ্গিতও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *