খবর লাইভ : সপ্তাহে কাজ করতে হবে ৪ দিন। সম্প্রতি এমনই শ্রম বিধি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে তা বাধ্যতামূলক নয়। সপ্তাহে পাঁচদিন বা ছয়দিনও কাজের সুযোগ দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে সার্বিকভাবে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতেই হবে।
কেন্দ্রীয় শ্রম সচিব অপূর্ব চন্দ্র বলেন, ‘সপ্তাহে কদিন কাজ করানোর পথে হাঁটতে পারে দেশের সংস্থাগুলি তা নিয়ে তিনটি বিকল্প দেওয়া হয়। দৈনিক ১২ ঘণ্টা কাজের ভিত্তিতে ৪ দিন, প্রতিদিন ১০ ঘণ্টা কাজের ভিত্তিতে সপ্তাহে ৫ দিন ও দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে সপ্তাহে ৬ দিন। যাঁরা সপ্তাহে ৪ দিন কাজ করবেন, তাঁরা ৩ দিন ছুটি পাবেন।’ কেন্দ্রীয় শ্রম সচিব আরও বলেন, ‘দেশের কর্ম সংস্কৃতিতে যে পরিবর্তন আসছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মবিধির ক্ষেত্রে নমনীয়তার ব্যবস্থা করা হয়েছে। নিয়ম তৈরি করার কাজ ইতিমধ্যে চলছে। আগামী সপ্তাহে সেই কাজ সম্পন্ন হবে।’ খুব শীঘ্রই চারটি শ্রমবিধি- মজুরি বিধি, শিল্পকাজের ক্ষেত্রে সুরক্ষা বিধি, স্বাস্থ্য ও কাজের পরিবেশের বিধি ও সামাজিক সুরক্ষা বিধি আনতে তৈরি হচ্ছে কেন্দ্র।



