খবর লাইভ : বিহারের পথেই মধ্যপ্রদেশ! রাজ্যবাসীর কাছে মদ্যপান বন্ধ করার আবেদন জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুধু তাই নয়, মদ বন্ধের ব্যাপারে তাঁর সরকার কার্যকরী পদক্ষেপও শুরু করেছে।
জানা গিয়েছে, শনিবার মধ্যপ্রদেশের কাটনিতে শিবরাজ সিং চৌহানের এক জনসভা ছিল। ওই জনসভায় রাজ্যবাসীর কাছে মদ্যপান বন্ধ করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘শুধুমাত্র মদ নিষিদ্ধ করার আইন করলেই এই সমস্যা মিটবে না। মানুষ যদি মদ্যপানের অভ্যাস ছাড়তে না পারেন, তাহলে জোগান বজায় থাকবে। তাই আমরা চাই নিবিড় প্রচার, যার মধ্যে দিয়ে মানুষ নিজে থেকেই মদ খাওয়া বন্ধ রাখেন বা ছেড়ে দেন। তাহলেই মধ্যপ্রদেশ একটি ভাল রাজ্যে পরিণত হবে।’ তাঁর সরকার রাজ্যজুড়ে মদ বন্ধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ করেছে এবং প্রচারে নামছে বলেও জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও সে রাজ্যে মদ বন্ধের পথে হেঁটেছিলেন। তার জন্য মহিলাদের বাহবাও পেয়েছিলেন। ভোটেও সাফল্য এসেছিল। এবার সেই পথেই হাঁটতে চলেছেন শিবরাজও।




