খবর লাইভ : ভোটের মুখেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল। পরিবর্তিত হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা। এমনকি হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও বদল করা হচ্ছে।
সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় আসছেন সৌমেন মিত্র। আর অনুজ শর্মাকে নিয়ে যাচ্ছেন সিআইডি-র এডিজি পদে। অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে আনা হচ্ছে জাভেদ শামিমকে। আর হাওড়ার কমিশনার কুণাল আগরওয়ালকে সরিয়ে আনা হচ্ছে সি সুধাকরকে। বিধাননগরে কমিশনার পদে আসছেন সুপ্রতিম সরকার। ব্যারাকপুরে আনা হচ্ছে অজয় নন্দকে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের অন্যান্য জেলাতেও পুলিশের শীর্ষ পদে একাধিক পরিবর্তন করা হয়েছিল। সরানো হয়েছিল বীরভূম, পুরুলিয়ার পুলিশ সুপারকে।




