খবর লাইভ : পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার ড্রপ দেওয়া হয়েছে ১২ শিশুর মুখে। যার জেরে বর্তমানে প্রতিটি শিশুই হাসপাতালে। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।
জানা গিয়েছে, গত রবিবার মহারাষ্ট্রের যুবতমল জেলায় একটি প্রাইমারি স্কুলে পোলিও ক্যাম্প বসেছিল। সেখানে ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের পোলিও ড্রপ দেওয়ার কর্মসূচি চলছিল। যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল জানান, ওই ক্যাম্পে ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে পোলিও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয় এবং ওই ১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত ১২ শিশুরই শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। কারণ, পোলিও বোতলে কিভাবে স্যানিটাইজার ভরা হল, গোটা ঘটনাটি নিছক ভুলবশত নাকি চক্রান্ত, তার তদন্ত শুরু করেছে পুলিশ।




