খবর লাইভ : ১০ মাসের ওপর স্কুল বন্ধ। তবে এবার করোনা সংক্রমণের প্রকোপ কমতেই স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে পারে। স্বাস্থ্যবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তবে অষ্টম শ্রেণি পর্যন্ত এখনই কোনও ক্লাস চালু করার ভাবনা সরকারের নেই।’ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের অনুমতি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ইতিমধ্যে করোনা আবহে চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুনে করা হয়েছে। ফলে ফেব্রুয়ারিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে গেলে পড়ুয়াদেরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।




