খবর লাইভ : কৃষক আন্দোলন রুখতে সিঙ্ঘু, তিকরি, গাজিপুর সীমানাকে নিরাপত্তার দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ। রাস্তায় পেরেক, কাঁটাতারের বেড়া আর অস্থায়ী দেওয়াল তুলে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেছে আন্দোলনস্থল। সরকারের এই ভূমিকা নিয়েই এবার ট্যুইটে কেন্দ্রকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, ‘রাস্তায় দেওয়াল না তুলে সেতু তৈরি করুন।’
গত সপ্তাহে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস নেতাকে বলতে শোনা গিয়েছিল, সরকার কৃষকদের মারছে, হুমকি দিচ্ছে। নয়া কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া উচিত সরকারের। এদিনও সরকারের সঙ্গে কৃষকদের বেড়ে চলা দূরত্বকে ইঙ্গিত করে রাহুল বোঝাতে চাইলেন, দেওয়াল তুলে নয়, এই সমস্যার সমাধান করতে হলে সেতু তৈরি করতে হবে। নিজের ট্যুইটের সঙ্গে কাঁটাতার, পেরেক দিয়ে গড়া নিরাপত্তা বলয়ের ছবিও পোস্ট করেন রাহুল।




