0
(0)
খবর লাইভ : ২০০৬ সালের ১১ জুলাই মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্ট ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ার পরিপ্রেক্ষিতে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। শীর্ষ আদালত আগামী ২৪ জুলাই এই মামলার শুনানি করবে।

প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ বৃহস্পতিবার এই মামলায় শুনানিতে সম্মতি দিয়েছে। মহারাষ্ট্র এটিএস-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীঘ্র শুনানির আবেদন জানানোর পর আদালত সেই আবেদন মঞ্জুর করে।প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের ওয়েস্টার্ন রেলওয়ে লোকাল লাইনের সাতটি ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১৮৯ জন নিহত হন এবং ৮০০-র বেশি মানুষ আহত হন। তদন্তে উঠে আসে পরিকল্পিত জঙ্গি ষড়যন্ত্রের চিত্র। মহারাষ্ট্র এটিএস দাবি করে যে অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (SIMI)-র সদস্য এবং লস্কর-ই-তৈয়বা (LeT)-র পাকিস্তানি জঙ্গিদের সহায়তায় হামলা পরিচালিত হয়।

২০০৯ সালে বিশেষ আদালত পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। কিন্তু দীর্ঘ শুনানি শেষে সোমবার বম্বে হাইকোর্ট ওই রায় বাতিল করে ১২ জনকেই বেকসুর খালাস করে দেয়। বিচারপতি অনিল কিলোর এবং শ্যাম চান্দক সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, “প্রসিকিউশন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের এই অপরাধে যুক্ত থাকার বিশ্বাসযোগ্য কোনও ভিত্তি নেই।”বিচার বিভাগীয় এই রায় নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।

মহারাষ্ট্র এটিএস মনে করছে, এত বড় জঙ্গি হামলার পিছনে যারা দায়ী, তারা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে না যায়, সে জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।সূত্র অনুযায়ী, ২৪ জুলাই সুপ্রিম কোর্টে মামলাটির পরবর্তী শুনানি হবে, যেখানে হাইকোর্টের দেওয়া বেকসুর খালাসের রায় নিয়ে পুনর্বিচার চাওয়া হবে।
How useful was this post?
Click on a star to rate it!




