Special News Special Reports State

ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন কসবা আইন কলেজের

0
(0)

খবর লাইভ : ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন করল সাউথ কলকাতা ল কলেজ। পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখারও আবেদন জানিয়েছে কলেজ। এই দুই আবেদনের উপর ২৪ জুলাইয়ের মধ্যে রাজ‍্যকে অবস্থান জানানোর নির্দেশ দিল হাইকোর্ট।

সাউথ কলকাতা ল কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় আদালতে রক্ষী সঙ্কট নিয়ে সওয়াল করেন। তিনি বলেন, ‘‘একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার। রক্ষী সঙ্কট কলেজে। নতুন করে এজেন্সি মাধ্যমে রক্ষী নিযুক্ত করতে সময় প্রয়োজন। নতুন রক্ষী নিযুক্ত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করে দিক আদালত’’।

এই বিষয়ে বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, ‘‘কোনও শিক্ষাঙ্গনের ভিতরে পুলিশ রাখার বিরোধী আদালত। রক্ষী নিযুক্ত করুক কলেজ। কে তাদের নিষেধ করেছে।’’ পাশাপাশি বিচারপতির পরামর্শ দেন, কসবা থানায় নিরাপত্তারক্ষী চেয়ে আবেদন করতে পারে কলেজ।

কলেজের আইনজীবী জানান, নতুন রক্ষী নিয়োগ করা হবে। তত দিন পুলিশ মোতায়েন রাখা হোক। আদালত জানায়, ওই মর্মে কসবা থানায় আবেদন করুক কলেজ। প্রসঙ্গত, এই আইন কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কলেজের এক প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মচারী এবং দুই বর্তমান ছাত্র।

এর আগে হাইকোর্টের শুনানিতে ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজের ইউনিয়ন রুম তালাবন্ধ রাখতে বলেছিল হাই কোর্ট। ওই বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *