National Special News Special Reports State

রাজ্য রাজনীতিতে নতুন চমক, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ হচ্ছেন হরিয়ানার রাজ্যপাল

0
(0)

খবর লাইভ : দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও অবশেষে রাজ্য রাজনীতিতে বড় চমক হয়ে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক অসীম ঘোষ। রাষ্ট্রপতি ভবন থেকে ঘোষণা করা হয়েছে, হরিয়ানার পরবর্তী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। এই ঘোষণা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে।

অসীম ঘোষ একসময় পশ্চিমবঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিজেপিতে যোগদানের পর থেকেই তিনি দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক সময় বিজেপির সহ-সভাপতি ও সম্পাদক পদেও ছিলেন। তবে ২০০২ সালের পর থেকে ধীরে ধীরে রাজনীতির মূল স্রোত থেকে সরে আসেন তিনি।

তবে সম্প্রতি আবার দলের কিছু কর্মসূচিতে তাঁকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল। বিশেষ করে রাজ্য সভাপতির মনোনয়ন ও দলে প্রবীণ চিন্তক হিসেবে মতামত নেওয়ার প্রক্রিয়ায় তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে, তাঁকে কোনও বড় সাংবিধানিক পদে নিয়োগ করা হতে পারে। সেই জল্পনাই সত্যি হল রাষ্ট্রপতির ঘোষণায়।

অসীম ঘোষ উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। হাওড়ার বাসিন্দা এই বর্ষীয়ান নেতার রাজনৈতিক সফর শুরু হয়েছিল ১৯৯১ সালে কাশীপুর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়ে। সেবার তিনি জয়ী না হলেও দলের মধ্যে নিজের দক্ষতায় দ্রুত জায়গা করে নেন। তাঁর নেতৃত্বে রাজ্য বিজেপিতে একাধিক সাংগঠনিক রদবদল ঘটেছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০০০ সালের দলের সভাপতি পদে নির্বাচনে প্রবীণ নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়ক পরাজিত করা।

এ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চতুর্থবারের মতো কেউ রাজ্যপাল পদে নিযুক্ত হলেন। এর আগে কংগ্রেসের সিদ্ধার্থশঙ্কর রায়, এনডিএ সরকারের সময়ে বিষ্ণুকান্ত শাস্ত্রী ও তথাগত রায় বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হন।

এক সময় যাঁদের সঙ্গে মতানৈক্য ছিল, সেই রাহুল সিনহার সভাপতিত্বকালে আবারও দলে অসীম ঘোষের প্রভাব বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ে তাঁকে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে। শেষপর্যন্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ঘোষণায় পরিষ্কার হয়ে গেল, দীর্ঘদিন পর দলীয় রাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ একটি বড় মর্যাদাপূর্ণ পদে উন্নীত হওয়ার পথ খুলে দিয়েছিল।

অসীম ঘোষ ছাড়াও রাষ্ট্রপতি ভবনের তরফে গোয়ার রাজ্যপাল হিসেবে পিএ গজপতি রাজু এবং লাদাখের উপরাজ্যপাল হিসেবে কবীন্দ্র গুপ্তের নাম ঘোষণা করা হয়েছে।

বিজেপি সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই অসীম ঘোষ চণ্ডীগড়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *