খবর লাইভ : বৃহস্পতিবার পুলিশ এবং আমলাদের সঙ্গে বৈঠকে সরকারি জমি দখল নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই শুক্রবার জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন। শীর্ষ স্তরের আমলাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই কমিটিতে রয়েছেন আইএএস মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
আরও পড়ুনঃ শনিবার বেলা ১২টা থেকে হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে টানা ১৮ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ
মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, পুর এলাকায় বিভিন্ন প্রকল্পের জন্য নির্ধারিত জমি বেদখল হয়ে যাচ্ছে। সেই ঘটনা রুখতে পুর দপ্তর এমনকি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার ভর্ৎসনার মুখে পড়তে হয় সিপি বিনীত গোয়েলকে। তালিকা অনুযায়ী শুধু কলকাতা নয় জেলাতেও এই ঘটনা ঘটেছে। নবান্ন সূত্রে খবর, কোন দপ্তরের কত পরিমাণ জমি রয়েছে, তার বিস্তারিত তালিকা বানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরেই সক্রিয় হয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে নবান্নের তরফে।
কয়েক মাস আগে একাধিক জেলার প্রশাসনিক সভাতেও ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা। প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মমতার এ-ও অভিযোগ ছিল, নিচুতলার কিছু সরকারি কর্মীও এ সবের সঙ্গে যুক্ত। ‘ঘুঘুর বাসা’ ভাঙার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি জেলাভিত্তিক রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে।




