খবর লাইভ : সুপ্রিম কোর্টের কাজকর্ম শুধুমাত্র প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়, এই ধারণা ভাঙার আহ্বান জানিয়েছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবই। শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, এই ভুল ধারণা আমরা ভাঙতে চাই। তিনি জানান, দেশের সর্বোচ্চ আদালতের নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং বৈচিত্র্য আনার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে বিচারপতি গবই তার পূর্বসূরি, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিচারপতি খান্নার সময় থেকে আমরা নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও জানান, সম্প্রতি সুপ্রিম কোর্ট ৫৪ জন চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে, যাদের মধ্যে ৩৬ জনের নিয়োগ ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, বিচারপতি গবই চলতি বছরের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তিনি ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি।



