খবর লাইভ : শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে এবার বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি হারানো ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। শনিবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য সুমন বিশ্বাস জানান, রাজ্য সরকারের উদাসীনতায় তাঁরা হতাশ। তাই এবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। সুমনের কথায়, চোর এবং দুর্নীতিগ্রস্ত এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি। এখন সময় এসেছে প্রধান বিরোধী দলগুলোকেও পাশে পাওয়ার। এই কারণেই আমরা শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এসেছি।
বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয়। দাবিপত্র তুলে দেন প্রতিনিধিরা। সুমন বিশ্বাস জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়ে তাঁদের দুর্দশার কথা জানানোর ইচ্ছা রয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৮ জুলাই দমদমের সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। ‘যোগ্য’ চাকরিহারারা সেই সভায় উপস্থিত থাকতে চান এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানাতে প্রস্তুত বলে জানান।
শমীক ভট্টাচার্য সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, তাঁরা তাঁদের সমস্যা, ক্ষোভ ও আবেগের কথা জানিয়েছেন। আমরা তাঁদের পাশে রয়েছি। তবে এই আন্দোলনকে কোনও রাজনৈতিক রঙ দিতে চাই না।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয় ২০১৬ সালের এসএসসি প্যানেল। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। পরে আদালতের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ক্লাস নিতে পারলেও, অন্যান্য কর্মীদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হয়। এরই মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। তবে আন্দোলনকারী ‘যোগ্য’ চাকরিহারারা জানিয়েছেন, তাঁরা নতুন করে পরীক্ষা দেবেন না। তাঁদের প্রশ্ন, যেখানে আমরা যোগ্য, সেখানে আবার কেন পরীক্ষা?
তাঁদের অভিযোগ, রাজ্য সরকার এখনও কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। কেন্দ্রীয় হস্তক্ষেপেই তাঁরা শেষ আশার আলো দেখছেন। এখন দেখার, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ আদৌ সম্ভব হয় কি না।



