খবর লাইভ : লিডসে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে কাউকে যদি কম বোলিং করানো হয়ে থাকে, তা হলে তাঁর নাম শার্দূল ঠাকুর। হেডিংলি টেস্টের দু’ইনিংস মিলিয়ে মাত্র ১৬ ওভার বোলিং করেছেন শার্দূল। ৮৯ রান দিয়ে নিয়েছেন দু’টো উইকেট। ভারতীয় অলরাউন্ডারকে পর্যাপ্ত বোলিং না করানো নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে দেশের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলকে। এবং সিদ্ধান্তজনিত কারণে বিপাকে পড়তে দেখে গিলের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। শার্দূলকে ‘আন্ডারবোলিং’ করানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে। কিন্তু তাতে আদৌ লাভের লাভ হবে তো? আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলা বার্মিংহামে দ্বিতীয় টেস্টে শার্দূলকে খেলালে ফের ভুগতে হবে না তো?
অনেকেরই মনে হচ্ছে, লিডস টেস্টে যা পারফরম্যান্স শার্দূলের, তারপর তাঁকে ফের বার্মিংহ্যাম টেস্টে নামানোর কোনও যুক্তি নেই। বলে তবু দু’উইকেট নিলেও ব্যাট হাতে কিছুই করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। দু’ইনিংস মিলিয়ে খেলেছেন কুড়িখানা বল। করেছেন মাত্র ৫ রান। তার উপর ফিল্ডিংয়েও শার্দূলের ঢিলেমি নজর এড়ায়নি। কেউ কেউ প্রশ্ন তুলছেন, স্পেশালিস্ট বোলিং অলরাউন্ডার খেলিয়ে কী লাভ, যদি তাঁর উপর ভরসাই না করা যায়?
শার্দূলে পর্যাপ্ত আস্থা থাকলে নিশ্চয়ই তাঁকে দিয়ে দু’ইনিংসে মাত্র ১৬ ওভার বোলিং করানো হত না। লিডসে পাঁচ দিনের মধ্যে সাড়ে চার দিন ধরে ভারত দাপুটে ক্রিকেট খেললেও শেষ পর্যন্ত টেস্ট জিততে পারেনি। পাঁচ উইকেটে হারতে হয়েছে। যে হার বিপদের পাগলাঘণ্টি না বাজালেও বার্মিংহাম টেস্টে কয়েকটা বদলের দাবি তুলছে। সর্বাগ্রে যেমন শার্দূলকে বসিয়ে কুলদীপ যাদবকে খেলানোর কথা উঠছে।




