খবর লাইভ : বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে, আর সেই কারণেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সমুদ্র থাকবে উত্তাল।
যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শুরু হয়েছে জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে বলে খবর।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ দিকে হেলে থাকা ওপরের স্তরে ঘূর্ণাবর্তও রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা ঝাড়খণ্ড থেকে ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী এবং বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।




