খবর লাইভ : উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর খুলছে কলেজে ভর্তির পোর্টাল। সূত্রের খবর, আগামী ১৭ জুন স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে। বিকেল ৪টেয় পোর্টালের উদ্বোধন। সেদিন থেকেই ভর্তির আবেদন করা যাবে।
এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। এরপর প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু এখনও শুরু হয়নি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। যা নিয়ে ক্রমেই আশঙ্কা বাড়ছিল শিক্ষামহলের অন্দরে। কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় লক্ষ লক্ষ পড়ুয়ারা। দ্বাদশ পাস করে কলেজে যাওয়ার অপেক্ষায় তাঁরা। এই আবহে জানা গেল, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে কলেজে ভর্তির পোর্টাল। কলেজে ভর্তির জন্য গতবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল খুলেছে সরকার। পোর্টাল না খোলার ফলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। অনেকে বলছিলেন সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত না জানানোর ফলে এই পোর্টাল খোলা পিছিয়ে যাচ্ছে। অবশেষে জানা গেল, সরকারি সিদ্ধান্ত। সম্ভবত জুন মাসের ১৭ তারিখ এই পোর্টালের উদ্বোধন করা হবে। ওই দিন বিকেল ৪টে নাগাদ হতে পারে পোর্টালের উদ্বোধন। উদ্বোধনের পর ওইদিন থেকেই ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা।




