খবর লাইভ : কলকাতা মেডিক্যাল কলেজের এক ছাত্রের বিরুদ্ধে বান্ধবীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। পাটুলি থানায় দায়ের করা অভিযোগে তরুণী জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্রে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়, যার ফলে তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তবে, প্রতিবারই তাঁর সম্মতি ছাড়াই গর্ভপাত করানো হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। তরুণীর বয়ান রেকর্ডের পাশাপাশি মেডিক্যাল পরীক্ষাও করা হয়। স্থানীয়দের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের পর বৃহস্পতিবার অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়। তিনি বৌবাজার থানা এলাকার নিউ বয়েজ হস্টেলে থাকতেন এবং কলকাতা মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন।
এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।




