খবর লাইভ : আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই নোটিশে। জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না।
আগামী ১৬ জুন বেলা সাড়ে ১২টায় তাঁকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর-সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে।
উল্লেখ্য, এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে কুণাল ঘোষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ মে এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি।”




