খবর লাইভ : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেদিনীপুরে তদন্তে গেল বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ জেলা ডিএসও কার্যালয়ে পৌঁছয় সিটের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সিট প্রথমেই ডিএসও নেতাদের বয়ান রেকর্ড করে। অভিযোগ, চলতি বছরের মার্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হন। ওই ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ডিএসও-র কর্মী ও সমর্থকেরা মেদিনীপুরে মিছিল করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়।
অভিযোগ, পরে আন্দোলনকারীদের একাংশকে মেদিনীপুর কোতোয়ালি মহিলা থানায় নিয়ে গিয়ে পুলিশ বেধড়ক মারধর করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়নের অভিযোগও ওঠে। এই ঘটনায় এক ডিএসও কর্মী কলকাতা হাই কোর্টে মামলা করেন।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ মামলাটির শুনানিতে রাজ্য সরকারকে এফআইআর দায়ের করে একটি সিট গঠনের নির্দেশ দেন। রাজ্য সরকার সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেও কোনও স্থগিতাদেশ মেলেনি।
এর পরেই আইজি মুরলীধরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সিট গঠন করা হয়, যা বৃহস্পতিবার তদন্তের জন্য মেদিনীপুরে পৌঁছেছে। অভিযোগের তালিকায় থাকা ওসি সাথী বারিক-সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকল পক্ষের উপর নজরদারি চালাবে সিট, এমনটাই জানা যাচ্ছে।




