খবর লাইভ : রাজ্যে ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রশাসনিক কর্তার। করোনার থাবায় ক্রমাগত মৃত্যু হচ্ছে রাজ্যের প্রশাসনিক কর্তাদের, যা মর্মান্তিক। এবার সেই মৃত্যু মিছিলে নাম জুড়লো রাজ্যের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিনের সুপার ভাইজার গৌতম চৌধুরির নাম। দীর্ঘদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, বেসরকারি হাসপাতালে চলছিল চিকিৎসা। গত মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া প্রশাসনিক কর্তাদের মধ্যে। রাজ্যে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন গৌতম। করোনা রোগীদের জন্য বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, ভিন্ন রাজ্যে কিংবা সেরাম ও ভারত বায়োটেক থেকে বাংলায় ভ্যাকসিন আনা, তাকে সঠিকভাবে বন্টন করা এমনই সব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে ধাক্কা খাবে এই পরিষেবাগুলি। স্বাস্থ্য দফতরের ক্ষতি হয়েছে এটা মানছেন তাঁর সহকর্মীরাও। করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান ছিল গৌতমের।
গত এপ্রিল মাসে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা গৌতম। তারপর থেকেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।




