খবর লাইভ : বিজেপি নেতা মুকুল রায়ের স্ত্রী অসুস্থ। বুধবার তাঁকে অ্যাপেলো হাসপাতালে দেখতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘণ্টাখানেকের মধ্যে কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রাজনীতি বড় বালাই। গত ১১ মে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অথচ ২২ দিনে তাঁকে একটিবারের জন্য দেখতে হাসপাতালে যাননি বঙ্গ বিজেপির প্রথম সারির কোনও নেতা। কিন্তু বুধবার সন্ধ্যার পরেই বদলে গেল চিত্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে ছুটে যাওয়ার পরে রাতেই হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ। আর তার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিষেক হাসপাতালে যাওয়ার পরেই ঘুম ভাঙল বিজেপি নেতাদের।
গত ১১ মে করোনায় সস্ত্রীক আক্রান্ত হয়েছিলেন মুকুল। তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও গুরুতর অসুস্থতার কারণে স্ত্রী কৃষ্ণাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। করোনা থেকে মুক্ত হলেও অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটতে থাকে। বর্তমানে একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
মুকুলের ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত ২২ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা কৃষ্ণাকে দেখতে যাওয়া তো দূর অস্ত, তিনি কেমন আছেন, তা নিয়েও কোনও খোঁজখবর নেননি রাজ্য বিজেপির কোনও নেতাই। এনিয়ে মনে কিছুটা ক্ষোভও জন্মেছে বর্ষীয়ান নেতা ও তাঁর পুত্র তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের।
সেই প্রশ্নে ইতি টানতেই অভিষেক যাওয়ার কিছুক্ষণ পরেই দিলীপ হাসপাতালে যান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




