খবর লাইভ : ২০২১–এ তৃণমূলের কাছে হারের পর কার্যত পশ্চিমবঙ্গে ‘মানুষের জন্য আর কাজ করতে‘ দেখা যাচ্ছে বিজেপি নেতা–কর্মীদের। একদিকে করোনার কাঁটা অপরদিকে বঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ‘। তাতেও পাশে নেই বিজেপি কর্মীরা। অন্যদিকে হেরেও রাস্তায় সাহায্যের হাত বাড়াচ্ছে সিপিএম। রয়েছেন রাজ্যের শাসকদলের নেতা কিংবা কর্মীরা যাঁরা রাস্তায় কিংবা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছেন। কিন্তু দেখা নেই বিজেপির ৭৫ বিধায়ক ও ১৮ জন সাংসদ ও কর্মীদের। তাই তাঁদের কড়া ডোজ দিতে ও এই দুর্দিনে মানুষের পাশে থাকতে বিশেষ ক্লাস নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভার্চুয়ালে ঘূর্ণিঝড় ‘যশ‘ ও ঝড়ের পরবর্তীতে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দেবেন জে পি নাড্ডা। গতবছর করোনার মাঝেও আম্ফান ঝড়ের সময় ও তারপরে ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষদের পাশে ছিলেন বিজেপি কর্মীরা। নিন্দুকেরা বলছেন, হয়তো ২০২১–এর নির্বাচনের জন্যই পাশে ছিলেন। হারতেই ভোকাট্টা হয়েছেন। কিন্তু এই মনোভাব থাকলে আগামী দিনে বিভিন্ন নির্বাচনের সময় মানুষের কাছ থেকে ভোট পাবে না গেরুয়া শিবির। তাই প্রত্যেক বিধায়ক ও সাংসদদের তড়িঘড়ি রাস্তায় নেমে দ্রুত কাজ করতে বিশেষ বার্তা দেবেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।
২–মের পর রাজ্যে হারলেও বঙ্গে বিজেপির ভালো ভোট পাওয়ার জন্য হাল ছাড়তে নারাজ কেন্দ্রের নেতারা। তাই বিপদের দিনে মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দেবেন নাড্ডা।



