খবর লাইভ : ধীরে ধীরে কমছে করোনার দৈনিক সংক্রমণ। কিন্তু মৃত্যুর গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। আর এই নিয়েই চিন্তিত চিকিৎসক মহল। আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন। কিন্তু গতকালের তুলনায় একলাফে বেড়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর পরিসংখ্যান খুবই চিন্তার বলে মনে করছে স্বাস্থ্যমহল।
দিকে দিকে চিকিৎসকদের মনে প্রশ্ন উঠছে, ভারতেই অতিরিক্ত রেমডিসিভির, স্টেরয়েড ব্যবহারের জন্য ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা? তা নিয়ে আলোচনাও চলছে নানা মহলে। তবে করোনা থেকে মুক্ত হয়ে দ্রুত সুস্থ হচ্ছেন অনেকেই। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন। এই মূহূর্তে দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬ জন। দেশে মোট ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন করোনা সংক্রমণের হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন টিকা পেয়েছেন ভারতে। তবে পর্যাপ্ত টিকার অভাবে দেশে ধীর গতিতে হচ্ছে টিকাকরণের প্রক্রিয়া। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫৪ জন যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে পোঁছাল ৩ লক্ষ ৩ হাজার ৭২০ জনে।
করোনা মোকাবিলায় কার্যত দিশেহারা দেশ। তার উপর ভ্যাকসিন ও অক্সিজেনের আকাল দেশের মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন অপ্রতুল। তবে দেশীয় দুই ভ্যাকসিনের পাশাপাশি দেশের হাতে এসেছে আরও এক অস্ত্র ‘স্পুটনিক ভি’। ইতিমধ্যেই হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ডঃ রেড্ডির ল্যাবরটরিতে ট্রায়াল চলছে এই টিকার।



