খবর লাইভ : দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। চারিদিকে হাহাকার৷ এরই মধ্যে অশনি সংকেত তৃতীয় ঢেউ! মনে করা হচ্ছে যে করোনার পরবর্তী ঢেউয়ে শিশুরা বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে। ১২ বছরের কম বয়সি শিশুদের এই মুহূর্তে কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এই অবস্থায় তৃতীয় ঢেউয়ের আগে আশার আলো মেড ইন ইন্ডিয়া ন্যাসাল ভ্যাকসিন, যা বিশেষ ভাবে শিশুদের জন্য ব্যবহার করা হবে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, ন্যাসাল ভ্যাকসিন বা নাকের মাধ্যমে যে ভ্যাকসিন নেওয়া যাবে তা শিশুদের জন্য খুবই ভাল কাজ করবে৷ এটি একটি গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে। এ জাতীয় টিকা নাক দিয়ে দেওয়া হয়। নাকের মাধ্যমে যে ভ্যাকসিন তা শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করা সহজ হবে। এছাড়াও, এটি শ্বাসনালীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে৷
দাবি করা হচ্ছে যে, এটি সাধারণ ভ্যাকসিন (যা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে) এর থেকেও বেশি কার্যকর। সৌম্য স্বামীনাথন জানিয়েছেন যে, আরও বেশি করে স্কুল শিক্ষকদের টিকা দেওয়া দরকার। কারণ তারা সরাসরি শিশুদের সংস্পর্শে আসবেন। পরবর্তী সময়ে যখন স্কুল খুলবে তখন করোনায় গোষ্ঠী সংক্রমণের ঝুঁকি কমলে তবেই শিশুদের স্কুলে পাঠানো যেতে পারে বলে তিনি মতপ্রকাশ করেন৷



