খবর লাইভ : করোনা অতিমারির সময়ে এবার বড়সড় ঘোষণা কেন্দ্রের। মে ও জুন মাসে বিনামূল্যে দেওয়া হবে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় এই রেশন দেওয়ার কথা ঘোষণা করল মোদি সরকার। এতে কেন্দ্রের খরচ হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা।
বিনামূল্যে রেশন দেওয়ার ব্যাপারে ঠিক কী জানানো হয়েছে? কেন্দ্র জানিয়েছে, দেশের সমস্ত দারিদ্রসীমার নিচে থাকা মানুষকে মে ও জুন মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। এর ফলে প্রায় ৮০ কোটি ভারতীয় উপকৃত হবেন।
উল্লেখ্য, গত বছর লকডাউনের সময় মোদি ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ অন্ন যোজনার। লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে। চরম আর্থিক সংকটের মুখে এসে দাঁড়ায় দেশ। টাকার অভাবে দু’বেলা অন্ন জোগাড় করতে নাভিশ্বাস ওঠে দুঃস্থদের। সেই সময় এই যোজনার কথা ঘোষণা করেছিল মোদি সরকার।



