খবর লাইভ : দিল্লিতে হাড়হিম খুন। মঙ্গলবার দিল্লির খেয়ালা এলাকার জে জে কলোনিতে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর শ্যালিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।মৃতের নাম নুসরাত (৩৯)। নুসরাতের ২০ বছরের মেয়ে সানিয়া তাঁর মা-কে বাঁচাতে গিয়েছিলেন। সেই সময়ে অভিযুক্ত ইস্তেখার আহমেদ ওরফে বাপ্পু তার আঙুল কেটে দেন। ঘটনাস্থলে থাকা নুসরাতের বড় জা ৪২ বছরের আকবরির উপরেও বাপ্পু আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনায় আকবরিও গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্য লোকজন বাপ্পুকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। আকবরি ও সানিয়া দু’জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে খুনের অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ সূত্রের খবর, নুসরাত পেশায় একজন বাউন্সার ছিলেন। গাজিয়াবাদের লোনির বাসিন্দা বাপ্পু নিরাপত্তারক্ষীর কাজ করেন। মঙ্গলবার সকালে তিনি নুসরাতের বাড়িতে গিয়েছিলেন। তাঁর টিফিন বক্সের মধ্যে একটি ছুরি ছিল। নুসরাত যখন বাপ্পুকে চা খেতে বলেন, ঠিক সেই সময়ে বাপ্পু ছুরি বের করে তাঁকে আক্রমণ করেন। ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়।




