খবর লাইভ : ষষ্ঠদফায়তেও উত্তেজনা অব্যাহত। রাজনৈতিক হিংসার থেকে বাদ গেল না শিশুরাও। কোলের শিশুকে ফেলে দেওয়া হল নর্দমায়। তার মাথায় ও পায়ে চোট লেগেছে। এক মাসের শিশুকে দেওয়া হল কষিয়ে থাপ্পড়! এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে।
ঠিক কী অভিযোগ? কেতুগ্রামের রাজুড়ের ১০১ নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকরা ভোট দিতে গেলে, তাঁদেরকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয় বলে অভিযোগ ওঠে। শুরু হয় দু’তরফের তর্কাতর্কি। এরপর দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ বাড়িতে ঢুকে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই সময় সামনে পড়ে যায় দুই শিশু। রোষাণল থেকে বাদ পড়েনি তারাও। তাদের মধ্যে একজনকে নর্দমায় ফেলে দেওয়া হয়। থাপ্পড় মারা হয় এক শিশুকে।আক্রান্ত ২ শিশুর মায়ের অভিযোগ, ”দুষ্কৃতীরা বলে সবাইকে মার।” এই ঘটনায় চরম উত্তেজনা এলাকাজুড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

