খবর লাইভ : সরকারিভাবে বিনামূল্যে টিকাকরণের পাশাপাশি বেসরকারিভাবে টাকা দিয়ে করোনা টিকা নেওয়া যাবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তবে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণ করানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণের জন্য অগ্রাধিকারভিত্তিতে টিকা কিনতে চায় রাজ্য সরকার।
ভোটের আগে রাজ্যবাসীকে বিনামূল্যে গণটিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারে এবার বিশেষ উদ্যোগী হলেন তিনি। এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, ‘স্বাস্থ্যকর্মী, পুলিসকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিডযোদ্ধাদের দ্রুত কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক। তবে আশঙ্কার বিষয়, নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ ভোটকেন্দ্রে হাজির হবেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া ও সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণ প্রয়োজন বলে আমরা মনে করি।’ ভ্যাকসিন কেনার কথা জানিয়ে তিনি আরও লিখেছেন,’রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার।’




