খবর লাইভ : ফের রাজ্যের শিক্ষক নিয়োগে ধাক্কা! ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে ফের সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল।
জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা সদ্য প্রকাশিত হয়েছে। বহু প্রার্থীকে দেওয়া হয়েছে নিয়োগপত্র। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ছ’টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ, ২০১৪ সালে বিজ্ঞাপিত প্রাথমিকের টেটে সফল ও শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্তদের এতদিন পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সেখানে কোনও স্বচ্ছতা নেই। তার পরিপ্রেক্ষিতেই সোমবার গোটা প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৪ সপ্তাহ সময় দিয়েছে আদালত।




