খবর লাইভ : ফের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কোলাঘাটে টেটে নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা তোপ দাগেন, ‘গত দুদিন আগে রাতের অন্ধকারে ১৬ হাজার ৭০০ জনকে মোবাইল মেসেজ করে টেটে নিয়োগপত্র দেওয়া হল। কাটমানির বিনিময়ে নেতাদের আত্মীয়-স্বজনকে দেওয়া হয়েছে ওই চাকরি।’ শুভেন্দুর কথায়, ‘২০১১ সালে পশ্চিমবঙ্গে ১ কোটি ২০ লাখ বেকার নথিভুক্ত ছিল। আজ মাননীয়ার শাসনকালে ২ কোটি বেকার তৈরি হয়েছে বাংলায়। ২০১৪ সালের পর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হল না। শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হল না। বদলে মিলেছে কয়েক হাজার চুক্তিভিত্তিক চাকরি। না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে হেল্থ স্কিম। এদের বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই। এটাই কী বাংলার মানুষ চেয়েছিল?’ এদিন শুভেন্দুর বক্তব্যে উঠে আসে সিঙ্গুর প্রসঙ্গও। তাঁর অভিযোগ, সিঙ্গুরে কৃষকরাও জমিতে চাষ করতে পারল না আর সেখানে কারখানাও হল না। বেকার যুবকদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।




