খবর লাইভ : পূর্ব নির্ধারিত ছিল! বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে সেটা কেবল সম্পূর্ণ হল। তৃণমূল ছেড়ে গেরুয়া বাহনীতে যোগ দিলেন টলি অভিনেতা হিরণ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। রাজ্য থেকে অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনতেই তাঁর এই দলবদল বলে জানিয়েছেন হিরণ।
জানা গিয়েছে, তৃণমূলের যুব সহ সভাপতি পদে ছিলেন হিরণ। তিনি যে এদিনই বিজেপিতে যোগ দেবেন সেকথা আগেই ঘোষণা করেছিলেন। তারপর শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে নিয়ে দলবদল প্রসঙ্গে হিরণ বলেন, ‘বাংলায় পরিবর্তন হবে এই আশাতেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। দেখলাম, পরিবর্তন হল কয়েকজন বিশিষ্টদের, তাঁদের জীবনযাত্রায়। বাংলায় পরিবর্তন বলতে শুধু নীল-সাদা রং দেখলাম।’ রাজ্যে কর্মসংস্থানের অভাব প্রসঙ্গে এই টলি তারকার ক্ষোভ, ‘কেন আমাদের রাজ্যের ছেলেরা ওড়িশায় গিয়ে কাজ করতে যাবেন? এখানে কেন কর্মসংস্থান নেই? পশ্চিমবঙ্গে অলক্ষ্মী রয়েছে, সেই অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনতে হবে।’
এদিন দল বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন হিরণ। বলেন, ‘আমি সভাপতিকে বছরের পর বছর ধরে ফোন-মেসেজ করেছি। কিন্তু, কোনও জবাব পাইনি। কোনও যোগাযোগ করেননি। শুধু ভোট এলেই ওঁর সহকারী ফোন করে প্রচারের জন্য যেতে বলতেন। মুখ্যমন্ত্রীকেও সমস্যার কথা যখনই জানিয়েছি, তখন উনি বলেছেন সভাপতির সঙ্গে কথা বল।’ তবে প্রধানমন্ত্রী মোদির যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে বিপুলভাবে মানুষ সমর্থন করছেন জানিয়ে হিরণ বলেন, ‘রাজনীতির বড় অংশ হল মানুষ। মানুষ বিশ্বাস করছে, মোদীজির নেতৃত্বে বাংলায় উন্নয়ন হবে। সেই আশা রয়েছে।’
উল্লেখ্য, বুধবারই যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলী সহ একঝাঁক টলি তারকা বিজেপিতে যোগ দিয়েছেন।



