খবর লাইভ : বিজেপিতে যোগ দিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে ভুললেন না তৃণমূল সাংসদ নুসরত জাহান ঘনিষ্ঠ যশ দাশগুপ্ত। বুধবার বিজেপিতে যোগ দিয়ে যশ বলেন, ‘আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি। বিজেপিতে আসার আগে আশীর্বাদ চেয়ে মেসেজ করেছি দিদিকে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে বদল করতে হবে।’
এদিন বন্ধু নুসরতের প্রসঙ্গেও মুখ খোলেন যশ। তিনি বলেন, ‘নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে, আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলে আছে। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।’ এদিন যশ ছাড়াও বিজেপিতে যোগ দিলেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। বিজেপিতে যোগ দিয়ে যশ বলেন, ‘যুব সম্প্রদায়কে আরও বেশি করে রাজনীতিতে আসা উচিত দেশ ও দশের উন্নতির জন্য।’



