খবর লাইভ : আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপরেও চিনের কোপ! চিনে বিবিসি ওয়ার্ল্ড নিউজ-এর সম্প্রচার বন্ধ করে দিল বেজিং। দেশের একতা ও জাতীয় স্বার্থে আঘাত হানার জন্যই বিবিসি-র সম্প্রচার বন্ধ করা হল বলে দাবি জানিয়েছে বেজিং। যদিও অভিযোগ অস্বীকার করে বিবিসি-র পাল্টা দাবি, চিন সরকারের নিপীড়ন ও নির্মমতার ছবি প্রকাশ্যে আনার অপরাধেই জিনপিং সরকারের এই পদক্ষেপ।
জানা গিয়েছে, সম্প্রতি চিনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার নিয়ে একাধিক খবর করেছে বিবিসি। সেখানে চিনা প্রশাসনের নির্দেশে সংখ্যালঘু উইঘুরদের দুর্দশা ও নিপীড়নের হাড়হিম করা চিত্র তুলে ধরা হয়েছে। তাছাড়া করোনা নিয়েও একাধিক খবর সম্প্রচার করেছে এই সংবাদমাধ্যমটি। যেখানে সাফ বলা হয়েছে, মহামারী সংক্রান্ত অনেক তথ্যই গোপন করেছে শি জিনপিংয়ের সরকার। যদিও বিবিসি মিথ্যা খবর প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বেজিংয়ের দাবি। এরপর চিনা নববর্ষের দিন বিবৃতি জারি করে বিবিসি-র সম্প্রচার বন্ধ করার কথা ঘোষণা করল বেজিং। বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি তদন্তে স্পষ্ট হয়েছে যে, দেশের একতা ও জাতীয় স্বার্থে আঘাত হেনেছে বিবিসি। তাই দেশে তাদের সংবাদ পরিবেশন করতে দেওয়া হবে না।’ চিনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
উল্লেখ্য, গত সপ্তাহেই চিন সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটেন। তার এক সপ্তাহের মধ্যে তাদের দেশে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বন্ধ করে দিল চিন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।




