খবর লাইভ : গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের পরে এবার ইডির নজরে বিনয় মিশ্র। শুক্রবার বিনয় মিশ্রর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। এছাড়া কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন তাঁরা। যদিও তাঁর হদিশ মেলেনি। তবে এবার বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার ভাবনাচিন্তা করছে ইডি। ফলে আরও বিপাকে পড়তে চলেছেন পলাতক যুব তৃণমূল নেতা।
জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ বিনয় মিশ্রর বাড়িতেও হানা দেন দিল্লি থেকে আসা ইডির আধিকারিকরা। তল্লাশি শুরু করেন। কলকাতায় বিনয় মিশ্রের তিনটি বাড়িতেই দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান তাঁরা। বাড়িতে থাকা বিভিন্ন নথি, কম্পিউটারও খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। বিনয়ের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন। যদিও পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বিনয় মিশ্র কোথায়, তাঁরা তা জানেন না।
ইডি সূত্রে খবর কোটি কোটি টাকা বিভিন্নভাবে সরিয়েছেন বিনয় মিশ্র। অভিযোগ, গরু পাচারের টাকা যেমন তিনি দেশের বাইরে পাঠিয়েছেন, ঠিক তেমনই বিভিন্ন কোম্পানির মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা করেছেন। তাই এবার ইডির তরফেও বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, এর আগে সিবিআইও বিনয় মিশ্রর বাড়িতে হানা দিয়েছিল। খোঁজ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ সিবিআই আদালত। তবু এখনও তাঁর হদিশ মেলেনি।




