খবর লাইভ : ফের সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে। এবার ভারত নয়, পাকিস্তানে বালুচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা, স্পেশ্যাল ফোর্স ইরানি রেভলিউশানির গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় প্রায় ৫০ সন্ত্রাসবাদী খতম হয়েছে এবং পণবন্দি ইরানি সেনাদের মুক্ত করা সম্ভব হয়েছে বলে তেহরানের দাবি।
ইরানের সংবাদসংস্থা সূত্রে খবর, গুপ্তচর মারফত্ খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বালুচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনা, আইআরজিসি। ওই হামল জইশ-আল-আদল সংগঠনের বহু জঙ্গি এবং বেশ কয়েকজন পাক সেনা সহ প্রায় ৫০ জন খতম হয়েছে। বেশ কয়েকজন ইরানি সেনাও জখম হয়েছেন।
সার্জিক্যাল স্ট্রাইকের কারণ হিসাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দুই সেনা গত আড়াই বছর ধরে জইশ-আল-আদলের হাতে পণবন্দি ছিল। তাঁদের নিরাপদে উদ্ধার করতেই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। এই অভিযান সফলও হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে বালোচিস্তানে ইরান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ২৭ জন ইরানি সেনাকে হত্যা করে জইশ-আল-আদল। এর জন্য পাকিস্তানকে কড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি।




