Special News Special Reports State

রাজ্যজুড়ে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে দুর্যোগ চলবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

0
(0)

খবর লাইভ : উত্তর বাংলাদেশে অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই অক্ষরেখাটি অসম ও উত্তর বাংলাদেশের ওপর দিয়ে প্রসারিত হয়ে পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ ও উত্তর, দুই বঙ্গেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে সতর্কতা জারি
আজ, মঙ্গলবার এবং আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সব জেলাতেই। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির প্রকোপ
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, মঙ্গলবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া 
শহর কলকাতায় আজ আকাশ থাকবে মূলত মেঘলা। দিনের মাঝামাঝি সময়ে হতে পারে আংশিক রোদ। মঙ্গলবার ও বুধবার শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, যা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮১ থেকে ৯৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ৬৯.৩ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদদের বার্তা
ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার মিলিত প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *