খবর লাইভ : সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তিনি দাবি করেন, হামলার পিছনে স্থানীয় জঙ্গিদের ভূমিকা থাকতে পারে এবং পাকিস্তানি যোগের কোনও প্রমাণ নেই। এই মন্তব্য ঘিরেই মঙ্গলবার লোকসভায় কড়া প্রতিক্রিয়া দেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, ‘অপারেশন মহাদেব’-এ নিকেশ হওয়া তিন জঙ্গি সরাসরি ২২ এপ্রিল পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। তিনি বলেন, এই জঙ্গিদের পাকিস্তান থেকে আসার একাধিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। এমনকি তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চকলেট, অস্ত্র এবং অন্যান্য সামগ্রী পাকিস্তানে উৎপাদিত।
তিনি আরও জানান, নিহত তিন জঙ্গির কাছ থেকে পাওয়া গিয়েছে পাকিস্তানি আইডি নম্বর এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, হামলার সময় যাঁরা এই জঙ্গিদের খাবার সরবরাহ করেছিলেন, তাদের আগেই গ্রেফতার করা হয়েছে এবং তারাই পরবর্তীতে শনাক্ত করেছেন নিহতদের।
চিদম্বরমের মন্তব্যের তীব্র বিরোধিতা করে শাহ বলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কেন পাকিস্তানকে বাঁচাতে চাইছেন? তাঁর এতে কী লাভ? যখন প্রমাণ স্পষ্ট, তখন এমন মন্তব্য শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে।
এখানেই থেমে থাকেননি অমিত শাহ। তিনি বলেন, আমি ভেবেছিলাম কংগ্রেস এই সাফল্যে খুশি হবে। কিন্তু তারা যেন হতাশ! কেন এত হতাশা, সেটাই এখন বড় প্রশ্ন।
এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মত, পহেলগাঁও হামলার তদন্ত ও ‘অপারেশন মহাদেব’ কেন্দ্রের সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে সরকার। তবে বিরোধীদের তরফে বারবার তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বিতর্ক তীব্রতর হচ্ছে।




