খবর লাইভ : রাজ্যের ভোটার তালিকায় বেআইনি অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ জানিয়ে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।
শুভেন্দুর অভিযোগ, বিগত এক সপ্তাহে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে অস্বাভাবিক হারে ভোটার ফর্ম জমা পড়েছে, যার সংখ্যা ৭০ হাজারেরও বেশি। যেখানে সাধারণত এই সময়কালে জমা পড়ার গড় সংখ্যা ২০ থেকে ২৫ হাজারের মধ্যে থাকে।
প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বিরোধী দলনেতার দাবি, রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট জারি করছে, যার মাধ্যমে তারা বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলছে। এই আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু কমিশনারকে অনুরোধ করেছেন, ২৫ জুলাইয়ের পর থেকে জারি হওয়া কোনও ডোমিসাইল সার্টিফিকেট এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য না করা হোক।
বাংলায় এসআইআর?
সূত্রের খবর, নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর শুরুর পরিকল্পনা করছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহেই বাংলায় এই বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়া চালু হতে পারে, এমনটাই আভাস মিলেছে কমিশন সূত্রে। প্রাথমিক প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ।
অস্বাভাবিক হারে ফর্ম জমা সীমান্তে
গত এক সপ্তাহে ৭০ হাজারের বেশি অনলাইন আবেদন জমা পড়েছে ভোটার তালিকায় নাম সংযুক্তকরণ, সংশোধন ও ঠিকানা পরিবর্তনের জন্য। সীমান্তবর্তী জেলা যেমন উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। শুধু নতুন ভোটার নয়, বহু মানুষ পুরনো ঠিকানা পরিবর্তন বা নতুন কেন্দ্রভুক্তির জন্য আবেদন করেছেন।
এই পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় একটা ভোটারও বাদ পড়লে রাস্তায় নামব। ঘেরাও, প্রতিবাদ, মিছিল সব হবে।




