খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর দেউচা পাচামির আন্দোলনকারীরা আপাতত ধরনা মঞ্চ তুলে নিলেন। বিবৃতি দিয়ে এমনই জানালেন আন্দোলনকারীরা। তাঁরা বলেছেন, ”মুখ্যমন্ত্রী আমাদের সব দাবি মানবেন বলে জানিয়েছেন। তাই ধর্না মঞ্চ তুলে নেওয়া হল। তবে, আন্দোলন তুলে নেওয়া হচ্ছে না।”
দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জট কাটাতে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গেই আলোচনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার নবান্নে প্রায় চল্লিশ মিনিট আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারীদের কী দাবি, তা ধৈর্য ধরে শোনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে ছিলেন মুখ্যসচিবও। দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে যে কাউকেই বঞ্চিত করা হবে না, প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তা আন্দোলনকারীদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।




