খবর লাইভ : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের এক আলোচনাসভায় ফের পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হলো ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি পার্বথানেনি হরিশ পাকিস্তানকে একদিকে ‘সন্ত্রাস ও ধর্মান্ধতায় নিমজ্জিত’, অন্যদিকে ‘ধারাবাহিক ঋণগ্রহীতা’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন।
‘বহুপাক্ষিকতা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে হরিশ বলেন, ভারত ও পাকিস্তান এই দুটি প্রতিবেশী দেশের পথ একেবারে বিপরীত। ভারতের লক্ষ্য গণতন্ত্র, উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি; অন্যদিকে পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক ঋণের উপর নির্ভর করে।
তিনি বলেন, ভারত নিজের অর্থনীতিকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাকিস্তান সেখানে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে। তাদের অর্থনীতির হাল এতটাই দুর্বল যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে ধারাবাহিকভাবে ঋণ নিতে বাধ্য হচ্ছে তারা।
পার্বথানেনি হরিশ তাঁর বক্তব্যে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এই সন্ত্রাসী হামলা পাকিস্তান সমর্থিত জঙ্গিগোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র। ভারতের পাল্টা অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত জঙ্গিদের কড়া জবাব দিয়েছে।
এছাড়া, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রসঙ্গে হরিশ স্পষ্ট জানান, এই যুদ্ধবিরতি একান্তই দুই দেশের মধ্যে হয়েছে। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। বরং পাকিস্তানেরই অনুরোধে ভারত এই সিদ্ধান্তে পৌঁছায়।
রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে এমন মন্তব্যের মাধ্যমে আবারও আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের সন্ত্রাসবাদে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরল ভারত।




