Special News Special Reports State

২১ জুলাই দিলীপ ঘোষ থাকছেন খড়গপুরেই, তৃণমূলে যোগের জল্পনায় ইতি

0
(0)

খবর লাইভ : বহুদিন ধরেই চলছিল জল্পনা। একুশে জুলাই কি তবে তৃণমূলের মঞ্চে দেখা যাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে? রাজ্য রাজনীতির অন্দরে কানাঘুষো জোরালো হচ্ছিল, দিলীপ ঘোষ কি তবে শিবির বদলের পথে? তবে সব জল্পনায় ইতি টেনে এবার খোদ দিলীপ ঘোষই জানিয়ে দিলেন, ২১ জুলাই তিনি থাকছেন খড়গপুরেই, বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায়।

শনিবার দিল্লি থেকে ফিরেই দিলীপ ঘোষ ঘোষণা করেন, তিনি বিজেপি ছাড়ছেন না, বরং খড়গপুরে শহিদ কর্মীদের স্মরণে একটি সভার আয়োজন করছেন। জানা গিয়েছে, খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে দুপুর ৩টে নাগাদ শুরু হবে এই ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’। দিলীপ ঘোষের দফতর থেকে ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই সভায় শ্রদ্ধা জানানো হবে বাংলায় রাজনৈতিক সহিংসতায় নিহত বিজেপি-র আড়াইশোরও বেশি কর্মীকে। দিলীপ ঘোষ বলেন, বাংলার মাটিতে যারা তৃণমূলের সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণ করতেই এই আয়োজন।

প্রসঙ্গত, শুক্রবার দিলীপ ঘোষকে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দেখা যাবে বলে শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তিনি দিল্লি উড়ে যান এবং দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। দিল্লি সফর শেষে কলকাতা ফিরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, মাননীয় সভাপতি ডেকেছিলেন, আমি দিল্লি গিয়েছিলাম। রাজ্যের সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ রণকৌশল ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আমাকে বলেছেন, রাজ্যে ফিরে জোরদার লড়াই করতে।

এই ঘোষণার পর রাজনৈতিক মহলের একাংশের মতে, দিলীপ ঘোষ কার্যত স্পষ্ট করে দিলেন, তিনি আপাতত কোনও দলবদলের পথে হাঁটছেন না। তৃণমূল-যোগের জল্পনায় তিনি নিজেই ইতি টানলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *