খবর লাইভ : এক বছর ধরে চলা জল্পনার অবসান হতে চলেছে বঙ্গ বিজেপিতে। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, রাজ্য সভাপতি পদ থেকে সুকান্ত মজুমদার কি সরে দাঁড়াবেন? ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী অনেকেই ধরে নিয়েছিলেন যে, সভাপতি পদে পরিবর্তন অনিবার্য।
এই প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে রাজ্যসভার সাংসদ এবং বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের উপস্থিতি নতুন করে জল্পনাকে জোরদার করেছে। যদিও শমীকের ঘনিষ্ঠ মহল দাবি করে, তিনি সংসদীয় কমিটির এক বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন, তবে নাড্ডার বাসভবনে তার উপস্থিতি যে রাজনৈতিক তাৎপর্য বহন করছে, তা অস্বীকার করা যাচ্ছে না।
বিজেপি সূত্রের খবর, নাড্ডার সঙ্গে এই বৈঠকে শমীককে ‘সুনির্দিষ্ট বার্তা’ দেওয়া হয়েছে, যা বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে স্পষ্ট ইঙ্গিত বহন করছে। উল্লেখযোগ্যভাবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রবিশঙ্কর প্রসাদকে রাজ্য সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে নিযুক্ত করেছে।
বিজেপি সূত্র জানিয়েছে, ২ জুলাই মনোনয়ন দাখিল ও ৩ জুলাই সভাপতি ঘোষণা এবং ‘সভাপতি বরণ’ অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত। এই পটভূমিতে শমীকের দিল্লি যাত্রা ও উচ্চপর্যায়ে আলোচনার খবর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।




