খবর লাইভ : মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে উত্তকুমারের স্মরণে ধনধান্য স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই বিপত্তি। এক নম্বর গেটের কাছে ভাঙলো তোরণ, আহত দুই। দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার।
জানা গিয়েছে, যে দু’জন জখম হয়েছেন তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছিলেন অনুষ্ঠানে অংশ নিতে। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, এক জনের মাথায় আঘাত লেগেছে। মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধ ঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেক্ষাগৃহের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। সেই সময় দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণটি। তাতে অন্তত ২০-২৫ জন নীচে চাপা পড়ে গিয়েছিলেন।




