খবর লাইভ : সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছিল।অথচ তিনি এসে হাজির হলেন সকাল ৬টায়।তিনি ধৃত অয়ন শীলের পুত্র অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা এই তরুণীর বাবা রাজ্যের প্রাক্তন আমলা।পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দফতরের প্রাক্তন আধিকারিক বিভাস গঙ্গোপাধ্যায় আজ মেয়ের সঙ্গে সিজিওতে আসেন। দরজা পর্যন্ত মেয়ের সঙ্গে ছিলেন।
অয়নের বিরুদ্ধে তদন্তে নেমে বহু নথিতে ইমনের নাম পেয়েছে ইডি। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি। হুগলি জেলার গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে প্রায় সাড়ে ৩ বিঘা জমির উপর সেই পেট্রল পাম্প কেনা হয়েছিল। নথির তথ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে ১ কোটি টাকায় পেট্রল পাম্পটি কেনা হয়েছিল। অভিষেক এবং ইমন সেটি কিনেছিলেন কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা নন্দগোপাল শুক্ল, অজয় শুক্ল এবং আশিস শুক্লর কাছ থেকে। স্থানীয়দের কাছে পাম্পটি ‘শুক্ল পাম্প’ নামেই পরিচিত।এরই পাশাপাশি, কলকাতায় বন্ডেল রোডের উপরে অভিষেক এবং ইমন যৌথ মালিকানায় একটি ফার্মও খুলেছিলেন। তার নাম দেওয়া হয়েছিল ‘ফসিল্স’।
ইডির দাবি, অয়নের ছেলের সঙ্গে ইমনের নামে রয়েছে বেশ কিছু জমিও।তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইমন ও বিভাস কোনওভাবে যুক্ত কি না সেবিষয় এখনও কিছু জানা যায়নি। তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাবা ও মেয়ের কোনও যোগসূত্র আছে কি না বা কোনওভাবে তাঁরা লাভবান হয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে,বুধবার এই সব নথি নিয়ে ইমনের বক্তব্য জানতেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তবে তলবের চিঠিতে ইমনকে সকাল ১০টায় আসার কথা বলা হলেও তিনি কেন ভোরবেলা বাবার সঙ্গে হাজির হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে, সেই প্রশ্নও উঠছে।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিজের পরিচয় গোপন রাখার জন্যই ইমন এমনটা করে থাকতে পারেন।




