খবর লাইভ : কাবুল আর বেশি দূরে নেই তালিবানদের থেকে। আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করছে তালিবান। ইতিমধ্যেই সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি দিল তালিবান। ভারত যদি আফগানিস্তানকে সামরিক সাহায্য করে তাহলে ফল ভালো হবে না বলে হুমকি দিয়েছে তালিবানরা।
তালিবানের মুখপাত্র সুহেল শাহীন সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে।”
তবে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহীন। তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার আমরা প্রশংসা করছি।”




