খবর লাইভ : ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে “বর্তির বিল”। বিশেষ করে শনি ও রবিবার বেশি ভিড় হয় এই বিলে। বর্তির বিলে নৌকা, খেলাধুলা এবং ফটোশুটের জন্যে ভিড় জমায় হাজার হাজার মানুষ। ব্যাপারটি আন্দাজ করতে পেরে আচমকাই বর্তির বিলে হানা দিল পুলিশ। আটক করা হল ১০ জনকে।
গত দু’ বছরে জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বেড়াবেড়িয়া এলাকার বর্তির বিল”। তাই এই বিলের নাম শুনেছেন অনেকেই।
করোনা আবহে হওয়া বদল করতে হাজার হাজার মানুষ এই বিলে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, আর এতেই ঘটছে বিপত্তি। ব্যাহত হচ্ছে করোনা বিধি নিষেধ, সোশ্যাল ডিসটেন্স মানা হচ্ছে না ফলে ভাঙছে সামাজিক নিরাপত্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্যই তাদের এই অভিযান।
বর্তির বিলের জলে ডুবে আছে বিঘা বিঘা জমি, বিলে পদ্ম সারির মাঝে নৌকা, এরকম মনোরম পরিবেশ উপভোগ করতে প্রায় প্রত্যেকদিন দূরদূরান্ত থেকে অনেকেই আসেন এই এখানে। একসাথে এতো মানুষের ভিড়ে লঙ্ঘন হচ্ছে করোনা বিধি। মাস্ক ও সোশ্যাল ডিসটেন্স না মেনেই বহু লোকের জমায়েত। তাই রবিবার দুপুরে আচমকাই বিলে অভিযান চালায় স্থানীয় পুলিশ। মাস্ক না পরার অপরাধে আটক করা হয় ১০ জনকে।




