খবর লাইভ : তিনদিনের দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। জল্পনা বাড়িয়ে তিনদিনের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এই তিনদিনের সফরে গতকালই কলকাতায় ফেরার কথা কিন্তু আচমকাই সফরসূচি বদল হয়েছে। আজ কলকাতায় ফিরছেন ধনকর। তার আগে জল্পনা উস্কে ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল।
এদিন শাহের বাসভবনে সকাল ১১টায় গিয়ে দেখা করেন রাজ্যপাল। গতকাল রাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে শাহের সঙ্গে দেখা করার আর্জি জানান ধনকর। সেইমতোই আজ বেলা ১১টায় শুরু হয়েছে সেই সাক্ষাৎপর্ব। এরপরেই দিল্লি থেকে সোজা কলকাতায় ফিরবেন তিনি। রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়ে গত বুধবার দিল্লি সফরে যান রাজ্যপাল। যাওয়ার আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভার বৈঠক করা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তিনি। তারপরে দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের সঙ্গে একান্ত সাক্ষাৎ সারেন তিনি। তাঁর প্রত্যেক সাক্ষাতেই রাজ্যের প্রতি সমালোচনার সুর তোলেন। তারপরেই শাহের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল।
আজ আবার শাহের সঙ্গে এই বিশেষ বৈঠক নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের তরফে, রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে খোঁচা দেওয়া হয়েছে। সাংসদ সৌগত রায় জানিয়েছেন, কয়লা মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে দেখা করছেন, এটা কি ওর কাজ? সংবিধানে কি এসব করার কথা বলা আছে? রাজ্যপালের উচিত রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। অমিত শাহের সঙ্গে আগের দিন আলোচনার পর কিছুই জানাননি রাজ্যপাল। আজ হয়তো এই আলোচনা শেষে কিছু টুইট করতে পারেন।




