খবর লাইভ : বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি বায়ু। আর এই কারণেই বঙ্গে চলছে বৃষ্টি। উত্তাল রয়েছে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারবার বারণ করেছে সরকার ও হাওয়া অফিস। কিন্তু জীবিকার স্বার্থে সেই সমুদ্রে গিয়েই ফের বিপত্তি। এবার বকখালিতে ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জন মৎস্যজীবী। বকখালির জম্মু দ্বীপের কাছে ঘটেছে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ‘তারা মা’ নামে ওই ট্রলারটি পরশুদিন নির্দেশ অমান্য করে মাঝসমুদ্রে মাছ ধরতে যায়। কিন্তু দ্রুত আবহাওয়া খারাপ হওয়ায় ফিরে আসছিল, আর সেখানেই ঘটে বিপত্তি। ট্রলারটি হঠাৎই ডুবতে শুরু করে। তবে পুরোপুরি ডুবে যাওয়ার আগে সেখানে হাজির হয়ে একটি উদ্ধারকারী ট্রলার। কিছু মৎস্যজীবীকে উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
উদ্ধার হওয়া মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া খারাপ হওয়ায় দ্রুত ট্রলার ঘোরাতে গিয়ে জলের ধাক্কায় উল্টে যায় সেটি। এখনও অনেকেই জলের তলায় রয়েছেন। ডুবুরি নামানো হচ্ছে উদ্ধারকাজের জন্য। কিন্তু হাওয়া অফিস ও প্রশাসন সূত্রে বারবার বারণ করা সত্ত্বেও কেন মাঝ সমুদ্রে মাছ ধরতে গেল ওই ট্রলারটি উঠছে প্রশ্ন? আজ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি দেখে সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার পর এই নিষেধাজ্ঞা তোলা হবে বলে মনে করা হচ্ছে।


